নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা, আধুনিক ‘মেট্রো সিটি’ ও প্রযুক্তিনির্ভর ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মেট্রোরেলের মূল পরিকল্পনায় নারায়ণগঞ্জ না থাকলেও রুটটি জেলায় সম্প্রসারণে সরকারের কাছে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, ‘‘প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। তাই মেট্রোরেল চালু হলে জেলার যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি শিল্প ও অর্থনীতিতেও নতুন গতি আসবে।’’
দিপু ভূঁইয়া জানান, নারায়ণগঞ্জকে ‘মেট্রো সিটি’ ঘোষণার লক্ষ্যে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার পাঠানো হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের নিরাপত্তা জোরদারে প্রায় ৭০০ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পুরো শহরকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সিসিটিভি ক্যামেরার আওতায় এনে অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন অব্যবহৃত থাকা জিয়া হলের স্থানে প্রায় ১০০ কোটি টাকার নতুন ভবন নির্মাণ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দক্ষ জনশক্তি তৈরিতে চেম্বারের উদ্যোগে স্কিল ট্রেনিং সেন্টার বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।’’
এ ছাড়া শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও নারায়ণগঞ্জকে দ্রুত ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানান এমপি দিপু ভূঁইয়া। তিনি বলেন, ‘‘অব্যবহৃত নতুন কোর্ট ভবন দ্রুত সরকারি দপ্তরের কাজে ব্যবহার নিশ্চিত করা হলে সরকারি অর্থের অপচয়ও কমবে।’’
জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানোর উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক হবে। পাশাপাশি বন্ধ শিল্পকারখানা চালু ও কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগকে তিনি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।’’
সংবাদ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









