নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বুধবার (২২ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক স্মৃতি স্তম্ভটি পরিদর্শন করেন। এ সময় তিনি আগুনে হওয়া ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে স্মৃতি স্তম্ভটি দ্রুত সংস্কার ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এদিকে, শহীদ পরিবারের সদস্যরা স্মৃতি স্তম্ভে আগুন লাগার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









