‘বিজ্ঞানকে ভালোবাসি, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিজ্ঞান কর্মশালা-২০২৬’।
বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে কুষ্টিয়া ‘স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল’ প্রাঙ্গনে জনপ্রিয় বিজ্ঞান চর্চাবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘বিজ্ঞানী.অর্গ’-এর আয়োজনে এবং ‘স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল’-এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিজ্ঞানের প্রতি সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের আগ্রহ তৈরি, যুক্তিবোধ বৃদ্ধি এবং উদ্ভাবনী মেধার বিকাশে কুইজ, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে 'স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল’ স্কুলের খুদে বিজ্ঞানীরা নিজস্ব বিজ্ঞান প্রকল্প ও বুথ সাজিয়ে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের অধ্যক্ষ এডভোকেট মোঃ আবদুর রহমান খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. রিপন শিকদার।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ‘বিজ্ঞানী.অর্গ’-এর সম্পাদক ও অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোঃ মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান কেবল পাঠ্যবইয়ের সূত্র বা গবেষণাগারের পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বিজ্ঞান হলো প্রশ্ন করার সাহস, যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রেরণা। ২০০৬ সাল থেকে ড. মশিউর রহমানের হাত ধরে ‘বিজ্ঞানী.অর্গ’ বাংলা ভাষায় বিজ্ঞানকে সহজবোধ্য ও জনপ্রিয় করতে যে পথচলা শুরু করেছিল, দীর্ঘ ২০ বছর ধরে তা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের বিজ্ঞান কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে মেধা, সৃজনশীলতা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নয়ন শেখ। অনুষ্ঠানে স্পন্সর পার্টনার হিসেবে জিএমকিউ গ্লোবাল,দি কেক স্ট্যান্ড, ধোঁয়া রেস্টুরেন্টএবং কুষ্টিয়া আইলেটস কেয়ার যুক্ত ছিল। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই, ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক প্রথম আলো বিশেষ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









