চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ।
সদর উপজেলা পরিষদের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
সভায় চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯২৯ রহিতপূর্বক বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘‘বাল্যবিবাহ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।’’
প্রধান অতিথি বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য আহ্বান জানান। এছাড়া ব্যাপকভাবে প্রচারের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









