নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া-ভুলতা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তিন মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধ ও কসমেটিকসের বাজার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলা করা হয়। এর মধ্যে একজনকে ২০ হাজার টাকা এবং অপর দুইজনকে ১৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান বলেন, ‘‘জনস্বাস্থ্য রক্ষা, ভেজাল ও নিম্নমানের ঔষধ-কসমেটিকসের বাজার নিয়ন্ত্রণ এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









