পাবনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের গাছপাড়া এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে দুইটি ব্যাগের ভেতর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ব্রজনাহাপুর পূর্বপাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে সাহানুর রহমান (২৫) এবং একই এলাকার আব্দুল সোবহানের ছেলে মিষ্টু (৩০)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে দুইটি ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং দুই মাদককারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে ফেনসিডিল এনে পাবনাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









