পাবনার আমিনপুর থানার আহম্মদপুর গ্রামের শহীদ স্মরণিকা স্কুলের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে আমিনপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল মাঠে খেলাধুলা করছিল কয়েকজন শিশু। তারা স্কুলের পাশে এক বৃদ্ধকে শুয়ে থাকতে দেখে প্রথমে ঘুমিয়ে আছেন বলে মনে করে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পেয়ে আমিনপুর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানান, বৃদ্ধটি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার সঙ্গে থাকা একটি চটের ব্যাগে এক-দুটি জামাকাপড় ছাড়া উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। গত কয়েকদিন ধরে তাকে আহমদপুর শহীদ স্মরণিকা স্কুলের বারান্দায় রাত কাটাতে দেখা গেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন আহমেদ জানান, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আশপাশের কেউই ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে পারেননি।
তিনি আরো জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে কাজ করবে। মরদেহ বর্তমানে আমিনপুর থানায় রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









