গাজীপুরের শ্রীপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত আদি (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত আদি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাইফুল ইসলামের ছেলে। তার বাবা শ্রীপুরের ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় একটি ওষুধের দোকান পরিচালনা করেন। আদি স্থানীয় একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৭-৮ জন কিশোর মাঠে ফুটবল খেলার পর চন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে দুই কিশোর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও ইয়াসিন আরাফাত আদিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পুকুরের তলদেশ থেকে ইয়াসিন আরাফাত আদির মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, দুপুর পৌনে ২টার দিকে খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার হওয়ায় ডুবুরি দলকে ফিরে যেতে বলা হয়। পুকুরটির গভীরতা প্রায় ২০ থেকে ৩০ ফুট।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা তথ্য জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









