বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুম থেকে হাসিনা খানম রিক্তা (৩৪) নামে কর্মরত এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ওই হাসপাতালে গিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকা নার্সকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন তাকে। দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে মাদকজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিনা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রফিক শেখের মেয়ে। ৫-৬ বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে জসিমের সঙ্গে বিয়ে হয় তার। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের দিন রাতে নাইট ডিউটি ছিল হাসিনার। ডিউটি শেষে সকালে ওয়াশরুমে যান তিনি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় তাদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ অন্তরা তাকে মৃত ঘোষনা করেন তাকে।
স্বামী জসিম উদ্দিনের জানান, বিয়ের আগে একবার স্ট্রোক করেছিলেন তার স্ত্রী। সেই থেকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তবে এনিয়ে কখনো সম্পর্কের অবনতি ঘটেনি তাদের মধ্যে। সকালে হাসপাতাল থেকে জানানো হয় স্ত্রীর মৃত্যুর খবর। তার স্ত্রী নিয়েমিত ওসুধ সেবনের পাশপাশি সেবন করতেন মাদকও, এমনটাই জানালেন তার স্বামী।
গ্রামীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রাজি মুক্তি বললেন, “রাতে ডিউটি শেষে সকালে ওয়াশরুমে যান নার্স হাসিনা খানম রিক্তা। দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। পরে শরণখোলা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ওয়াশরুম থেকে উদ্ধারের সময় পাশে মাদকজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









