জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দেশের সাতটি বিভাগকে পেছনে ফেলে বিতর্ক ও হামদ-নাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একঝাঁক মেধাবী ক্ষুদে শিক্ষার্থী। তাদের এই অসাধারণ সাফল্য উদযাপন এবং ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করতে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীরা হলেন ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাউর রহমান আলভী, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবেন্দ্র তালুকদার ঋষভ ও দেবব্রত চন্দ বর্ণ, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহনাফ আলভীএবং নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাফর আল-হাদী। এছাড়া হামদ-নাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহিমা ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর ইন্সট্রাক্টর মহিব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদ হোসাইন, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিসমত আরা বেগম, ইউপি সদস্য আতাউর রহমান আতিক, মোশফিকুর রহমান রিয়াজ,আবেদা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় দেশসেরা শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের এই অনন্য সাফল্য শুধু কুলাউড়া বা মৌলভীবাজারের নয়, বরং পুরো দেশের জন্যই গর্বের। ভবিষ্যতেও তারা যেন আরও বড় অর্জনের মাধ্যমে দেশকে গৌরবান্বিত করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশসেরা এই ক্ষুদে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









