গাজীপুরে ১৪ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় তার বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গাজীপুর মহানগরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুবক্কর সিদ্দিক জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম জানান, অভিযুক্ত ব্যক্তি স্ত্রী ও কন্যাকে নিয়ে গাজীপুরে বসবাস করতেন। গত বছরের ২৬ মার্চ রাতে স্ত্রী ঘুমিয়ে পড়ার পর তিনি নিজের ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করেন।
ঘটনার পর শিশুটির মা কাশিমপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্ত শেষে কাশিমপুর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া গত ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত গত ১১ মে অভিযোগ গঠন করে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিন সরকার বলেন, ‘‘সাক্ষীদের বক্তব্যে অসঙ্গতি থাকা সত্ত্বেও আদালত এ রায় দিয়েছেন।’’
তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









