সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের কাপনা নদীর ওপর অবস্থিত সরু ব্রিজটি ভেঙে সেখানে একটি প্রশস্ত, আধুনিক এবং টেকসই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গত ১৬ জুলাই (শনিবার) ‘দৈনিক এদিন’ পত্রিকার ৯ম পৃষ্ঠায় ‘গোয়াইনঘাটের কাপনা নদীর সরু ব্রিজে চরম ভোগান্তি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির দৃষ্টিগোচর হলে তিনি শুক্রবার (২৪ জুলাই) প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে ব্রিজটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, জনসাধারণের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। কাপনা নদীর এই সরু সেতুটি দিয়ে বর্তমান সময়ে যানবাহন ও মানুষের যাতায়াতে ভোগান্তিতে পরতে হয়। অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের স্বার্থে এখানে দ্রুত একটি আধুনিক ও দীর্ঘস্থায়ী সেতু নির্মাণ করা জরুরি। তিনি আর বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে নকশা প্রণয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপস্থিত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেতুটি নির্মিত হলে গোয়াইনঘাট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করে, দুর্ভোগ লাঘবে দ্রুত ভূমিকা রাখায় ‘দৈনিক এদিন’ পত্রিকা কর্তৃপক্ষ ও মন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য, 'দৈনিক এদিন' সহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কারকাজও পরিদর্শন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









