কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬০) নামের এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সামিরুল শাহ উপজেলার তেকালা পশ্চিমপাড়া এলাকার মৃত বিছার উদ্দিনের ছেলে। তার মুখ ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাচাংয়ের ওপর সামিরুলের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এখনো স্পষ্ট নয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং এর সাথে কারা জড়িত, তা শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









