বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ফেরেশতাদের দল’ নয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।’
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমাদেরও ভুল, অন্যায়, দোষ ও অপরাধ হতে পারে। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছি, আমাদের কোনো অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা আমাদের জানিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা তা সংশোধন করব, ইনশাআল্লাহ।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।’
তিনি আরও বলেন, কোনো সদস্যের ভুল বা শৃঙ্খলাভঙ্গ সহনীয় পর্যায়ের হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং প্রয়োজনে তাকে আবার দায়িত্ব দেওয়া হতে পারে। তবে অপরাধ গুরুতর হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া দলের আর কোনো পথ থাকবে না।
জামায়াত আমির বলেন, ‘আমরা সংশোধনের চেষ্টা করব। কিন্তু লঙ্ঘনের মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এই বার্তা শুধু অন্যদের জন্য নয়, আমার নিজের জন্যও। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সাবধান, সবাই সাবধান।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









