রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের একটি সূত্র।
ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ও এ বিষয়ে সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে কথা বলতে পারেন স্পিকার। এর আগে শুক্রবার দুপুরে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফেরেন হাফিজ উদ্দিন আহমদ। গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গিয়েছিলেন।
দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবেন, কী করবেন—তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব।’
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছে করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংসদীয় রীতি।’ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার কারণ জানতে চাইলে স্পিকার বলেন, তার মেডিকেল চেকআপ শেষ হয়েছে এবং ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ থাকায় তিনি ফিরে এসেছেন।
রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে এটি লেখা আছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জাতীয় সংসদ তিন মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









