ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে অপসারণ না করা পর্যন্ত বিরোধী দলগুলো সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না।
শুক্রবার (২৪ জুলাই) তিনি অভিযোগ করেন, সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্যের পর তাকে লোকসভায় নিজের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
বিরোধীদের দাবির কথা তুলে ধরে রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের তিনটি দাবি রয়েছে। প্রথমত, দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীকে সরাতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।’
তিনি আরও বলেন,‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার আগে আমরা কোনো ধরনের আলোচনা বা কথোপকথনে যাব না। এটাই আমাদের অবস্থান।’
এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন বন্ধ হবে না বলে জানিয়ে দেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে।
সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘যন্তর মন্তরে আমাদের অবস্থান কর্মসূচি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তার পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’
তিনি জানান, সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে।
সোনম ওয়াংচুকের অনশন প্রসঙ্গে দীপকে বলেন, ‘সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, এতে আমরা স্বস্তি পেয়েছি। কারণ তার অনশন ২৬ দিনেরও বেশি সময় ধরে চলছিল। তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান।’
তবে আন্দোলনের বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়।’
তথ্যসূত্র: ডেকান হেরাল্ড


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









