আগামী সেপ্টেম্বরে জাপানে ২০২৬ সালের এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই চার দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান। তবে নারীদের লড়াই শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী চীনের।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের গ্রুপ চূড়ান্ত করে ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে যেখানে ১০টি দল শিরোপার জন্য লড়বে, নারী বিভাগে অংশ নেবে মোট ৮টি দল।
কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা। যেখানে ভারতের মুখোমুখি হবে জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
জাপানের নাগোয়ায় শহরে টি-টোয়েন্টি ফর্মেটে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্টের খেলা। প্রথম পর্বে ‘এ’ গ্রুপে লড়বে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর সঙ্গে নকআউটে মুখোমুখি হবে।
উল্লেখ, ২০২৩ এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টে সোনা জিতেছিল ভারত। পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভার খেলার পর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। র্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে শ্রেয়তর অবস্থানে থাকায় ভারতকে স্বর্ণপদক বিজয়ী ঘোষণা করা হয়। মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনার পদক জেতে ভারতীয় মেয়েরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









