শরীয়তপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে চাঁদাবাজির প্রতিবাদে অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি চালকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার সাধারণ অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি চালকেরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ইমরান আল নাজির এবং ছাত্রদল নেতা তাজমুল মাঝিসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শরীয়তপুরে অটোরিকশা চালাতে হলে একটি নামধারী সংগঠনকে প্রতিটি অটোরিকশার জন্য এক হাজার টাকা করে চাঁদা দিতে বাধ্য করা হয়। এই টাকা আদায়ের বিপরীতে চালকেরা কোনো ধরনের সুবিধা পান না; বরং তারা নানা ধরনের হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, নির্ধারিত চাঁদা পরিশোধ না করলে শরীয়তপুর শহরে অটোরিকশা চলাচলে বাধা দেওয়া হয়। এ ধরনের চাঁদাবাজি ও হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া চালকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদা আদায় বন্ধ না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। প্রয়োজনে প্রেমতলা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত সকল অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









