মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। কর্মবিরতির পাশাপাশি একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (আজ) সকালে কালিটি চা বাগান কার্যালয়ের সামনে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক। অনুষ্ঠান পরিচালনা করেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষদাস অলমিক।
সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ দাস, কালিটি চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি রামু রায়, রাঙ্গীছড়া চা বাগানের সজল বড়কুর্মী, কালিটি চা বাগানের শ্রমিক গোপাল দাস, শ্রমিক নেতা দয়াল অলমিক এবং কার্তিক নাইডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা অবিলম্বে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা-জনগোষ্ঠীর ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিকদের সিবিএ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে চা-শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালিটি চা বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









