ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দর এলাকায় ত্রিমুখী এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস, ট্রাক ও দুটি অটো-রিকশার সংঘর্ষে এক রিকশাচালক নিহত এবং অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিকশাচালকের নাম মোশাররফ হোসেন (৬১)। তিনি উজিরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস জয়শ্রী সাজু পাম্পের সামনে পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কে থাকা দুটি অটোরিকশা এবং একটি মালবাহী ট্রাককে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়।
ধাক্কায় ট্রাকটির আংশিক ক্ষতি হলেও বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায় এবং রিকশা দুটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বাস ও রিকশার যাত্রীসহ বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন, থানা পুলিশ এবং হাইওয়ে ট্রাফিক পুলিশ দ্রুত যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে উদ্ধার করে নিকটস্থ উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রিকশাচালক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অপর ২ জনকে উজিরপুর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের এই অংশটি হাইওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় বিষয়টি হাইওয়ে পুলিশ গুরুত্বের সাথে তদারকি ও আইনি ব্যবস্থা নিচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









