চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা আইম্মাডাফা এলাকায় গভীর রাতে বন্য হাতির তাণ্ডবে জাহাঙ্গীর আলমের বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আশ্রয় নেন। স্থানীয়দের চিৎকারে হাতির পাল কিছুক্ষণ পর পাশের বনের দিকে চলে যায়।
বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) দিবাগত গভীর রাতে পাহাড়ি বনাঞ্চল থেকে একটি বন্য হাতির পাল লোকালয়ে প্রবেশ করে। হাতিগুলো জাহাঙ্গীর আলমের বাড়িতে ঢুকে মাটির ঘর, দেয়াল ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম বলেন, গভীর রাতে বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বাইরে তাকিয়ে দেখি কয়েকটি বন্য হাতি ঘর ভাঙছে। আমরা প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিই। কিছুক্ষণের মধ্যেই হাতিগুলো ঘরের অনেক ক্ষতি করে চলে যায়।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু জানান , ঘটনার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। একই সঙ্গে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরো জানান , এলাকায় প্রায়ই বন্য হাতি লোকালয়ে নেমে আসে। প্রতিনিয়ত জানমাল নিয়ে আতঙ্কে থাকতে হয়। স্থায়ীভাবে হাতির উপদ্রব রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পদুয়া বনরেঞ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুইয়া বলেন, বন্যহাতির তাণ্ডবে এক বসতঘর ভাংচুরের বিষয়ে অবগত রয়েছি।ঘটনাস্থলে আমার বনবিভাগের একটা টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য জিডি করে বনবিভাগের সংশ্লিষ্ঠ দপ্তরে আবেদন করলে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









