দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বিএসএফ ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ভাইগড় ক্যাম্পের বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী তা প্রতিহত করে দিয়েছে।
জানা গেছে, বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ পিলারের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ভীমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ৯ জনকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ভাইগড় ক্যাম্পের টহল বিজিবি ঘটনা টের পেয়ে পুশইন প্রতিহতের চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী সমবেত হয়ে সম্মিলিত ভাবে প্রতিবাদ জানালে বিএসএফ তাদেরকে নিয়ে সীমান্ত থেকে সরে গেছে।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি আলম বলেন, ভারতীয় বিএসএফ ৮ নারী ও এক পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। কিন্তু আমরা তা প্রতিহত করে দিয়েছি। আমরা সীমান্তে প্রহরা জোরদার করে অবস্থান নিয়ে রয়েছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









