সহিংসতার দৃশ্যে মহারানা প্রতাপের প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত গান ব্যবহার করায় প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। আদালতের মতে, এই ব্যবহার ‘রুচিসম্মত নয়’। এখন বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সেন্সর বোর্ডকে (সিবিএফসি), যাদের এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
‘মির্জাপুর: দ্য মুভি’র একটি মারামারির দৃশ্যে ব্যবহৃত হয়েছে ‘শূরবীর’ গানটি, যা মহারানা প্রতাপকে উৎসর্গ করে তৈরি। এই ব্যবহারের বিরুদ্ধে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ এই পর্যবেক্ষণ দেয়।
আদালত বলে, ‘‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা রুচিসম্মত নয়। আমরা এমন এক পরিস্থিতিতে পৌঁছেছি যেখানে সহিংসতাকে মহিমান্বিত করা হচ্ছে।’’
ঘটনাটি সিনেমার শেষ দৃশ্যের সঙ্গে সম্পর্কিত, যেখানে প্রধান চরিত্রদের একদল দুষ্কৃতীর সঙ্গে সংঘর্ষ দেখানো হয়েছে। প্রযোজকের পক্ষে আইনজীবী আদালতে জানান, দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করতেই গানটি নেপথ্য সংগীত হিসেবে ব্যবহার করা হয়েছিল।
তিনি বলেন, ‘‘কোনো চরিত্রের সঙ্গেই ঐতিহাসিক ব্যক্তিত্বের তুলনা করা হয়নি। অপরাধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ মাত্র।’’
সিবিএফসি’র আইনজীবী আদালতকে জানান, চলচ্চিত্র প্রযোজক নিজে থেকেই দৃশ্যটিতে পরিবর্তনের প্রস্তাব নিয়ে বোর্ডের কাছে গিয়েছিলেন। প্রস্তাবিত পরিবর্তন নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে বোর্ড।
শুনানির সময় আবেদনকারীর আইনজীবী আশঙ্কা প্রকাশ করেন যে, সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলে মামলাটি অর্থহীন হয়ে পড়তে পারে। জবাবে আদালত বলে, ‘‘তারা যদি নিজে থেকেই গানের সঙ্গে নেপথ্য সংগীত পরিবর্তন করে, তাহলে আপনার মামলা দায়েরের মূল উদ্দেশ্যই পূরণ হয়ে যাচ্ছে।’’
এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। ততদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিএফসি’কে।
প্রশান্ত কুমার সিং নামে এক ব্যক্তির দায়ের করা এই জনস্বার্থ মামলায় বলা হয়েছে, ‘শূরবীর’ গানটির সঙ্গে মহারানা প্রতাপের আদর্শের যে সম্পর্ক রয়েছে, তা সিনেমায় দেখানো সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জুড়ে গিয়ে একটি ‘অনাকাঙ্ক্ষিত সংযোগ’ তৈরি করতে পারে।
আবেদনে আরও বলা হয়, ‘মির্জাপুর: দ্য মুভি’ মূলত সংগঠিত অপরাধ, গোষ্ঠী দ্বন্দ্ব ও সহিংস অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তৈরি। সিনেমার মূল চরিত্র কালীন ভাইয়া-সহ অন্যান্যদের অস্ত্র, মাদক, চাঁদাবাজি, হুমকি, খুনসহ নানা ধরনের অপরাধমূলক সাম্রাজ্য চালাতে দেখানো হয়েছে বলে অভিযোগ।
আবেদনকারীর দাবি, মহারানা প্রতাপের সঙ্গে জড়িত একটি গান এমন দৃশ্যের পাশে ব্যবহার করলে তা সাহস, সম্মান ও আত্মত্যাগের মতো মূল্যবোধের সঙ্গে অপরাধী চরিত্রদের সহিংসতা ও অপরাধপ্রবণতার মধ্যে একটি বিভ্রান্তিকর সংযোগ তৈরি করতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









