প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘‘আমরা পুলিশকে তাদের মানসম্মান ইজ্জত আবার নতুন করে ফেরত দিতে চাই।’’
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের রোপনকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য বলেন, ‘‘রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকরী জাতীয় সংসদ তৈরি করেছি। যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে, অধিকার পাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী, সংসদ নেতাসহ সরকারকে তারা প্রতিদিন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে ন্যায্য অন্যায্য সমালোচনা করেই চলছে। অতএব মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক এই সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে তিনি কার্যকরী করেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা বিশ্বাস করছি সংসদ যদি সকল রাজনীতির কেন্দ্রবিন্দু হয় তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।’’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘দেশের পুলিশ প্রশাসনকে আমরা জনগণের সেবক হিসেবে ঢেলে সাজাতে চাই। বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে তাদের রাজনৈতিক দলের একটা বাহিনী বানিয়েছিল। পুলিশের গায়ে তারা বদনাম দিয়েছে। খুনের বদনাম দিয়েছে, গুমের বদনাম দিয়েছে। তারা দুর্নীতির বদনাম দিয়েছে। যে কারণে বেনজিরের মতো লোক আজকে পালিয়ে বেড়ায়।’’
তিনি বলেন, ‘‘একটা পুলিশের আইজি যখন অপরাধ করে পালিয়ে বেড়ায়, তখন ইউনিফর্ম পড়া একজন কনস্টেবলেরও খারাপ লাগে। আমরা পুলিশকে তাদের মানসম্মান ইজ্জত আবার নতুন করে ফেরত দিতে চাই।’’
তিনি আরও বলেন, ‘‘দেশের আমলাতন্ত্রকে তারা দখল করেছিল, দলবাজ বানিয়ে ফেলেছিল এইচ. টি. ইমামের নেতৃত্বে। আমরা সেই আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই। দেশের ব্যাংকের আমানতকারীদের টাকা লুটেরাদের হাতে দিয়ে ভালো ভালো ব্যাংকগুলিকে তারা ডাকাতি করেছে। আমরা সেই ব্যাংকগুলিকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে আমানতকারীদের টাকা যাতে নিরাপদ থাকে এবং প্রকৃত শিল্প উদ্যোক্তারা যাতে ঋণ নেয় সেই ব্যবস্থা করছি। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের টাকা নিঃস্ব করে দিয়েছে। আমরা সেই শেয়ার বাজারকে আবার নতুন করে আস্থার একটা বাজারে পরিণত করছি যাতে বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ করে এবং সেই টাকা দেশের অর্থনীতিতে কাজে দেয়।’’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘‘খাল খননের মাধ্যমে যদি আমরা প্রতিটি জমিতে পানি পৌঁছাতে পারি এবং আমরা যদি দেশে উৎপাদনকে বাড়াতে পারি তাহলে আমাদের দেশের খাদ্য রপ্তানির পর্যায়ে আমরা আরো উন্নত হতে পারব।’’
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহবায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









