জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর রোহান মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদে মরদেহটি ভেসে ওঠে। পরে স্বজনরা শিশুটির পরনের প্যান্ট দেখে মরদেহটি রোহানের বলে শনাক্ত করেন।
নিহত রোহান মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু রোহান। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নদে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ২৪ দিন পর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের শাখা নদে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরনের প্যান্ট দেখে রোহানকে শনাক্ত করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রহ্মপুত্রের শাখা নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









