কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে ইফতেহাজুল হক নাওয়াফ নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম খয়রাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাওয়াফ ওই গ্রামের এহতেশামুল হকের ছেলে।
স্বজনেরা জানান, ঘটনার সময় নাওয়াফের মা নাঈমা জান্নাত বাড়ির ভেতরে রান্না করছিলেন। আর দাদা-দাদি উঠান পরিষ্কার করছিলেন। এ সময় তাদের কাছেই খেলছিল শিশুটি। কিছুক্ষণ পর নাওয়াফকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
খবর পেয়ে বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাইছার উদ্দিন নাওয়াফদের বাড়িতে যান। তিনি বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম। একমাত্র ছেলেকে হারিয়ে নাওয়াফের মা-বাবা দিশেহারা হয়ে পড়েছেন।’’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









