চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে মো. নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তার বাড়িতেও আগুন দিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক কারবারি।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, নিহত নুরুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২০ জুলাই রাতে ইয়াবা হারিয়ে যাওয়ার অজুহাতে নাইম নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায় তার বাহিনী। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় নাইম মারা যান।
শনিবার নাইমের জানাজা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা নুরুল ইসলাম ও তার সহযোগীদের ওপর চড়াও হয়। প্রথমে তাকে না পেয়ে তার এক সহযোগীকে পিটুনি দেয়। পরবর্তীতে একটি ঘরে নুরুল ইসলাম আত্মগোপনে থাকার খবর পেয়ে শত শত মানুষ তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে পিটিয়ে হত্যা করে এবং তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ গিয়ে নিহত ইরানের মরদেহ উদ্ধার করে। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘‘মো. নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় দুইটি হত্যা মামলা রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









