মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৩১) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে বড়লেখা-জুড়ী আঞ্চলিক সড়কের হাতলিয়া (সফরপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে বড়লেখা থেকে মৌলভীবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত আলী হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কচুরগুল গ্রামের হাজী সায়াব উদ্দিনের ছেলে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, হাসপাতালে আনার পর আলী হোসেনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা করবেন না বলে জানিয়েছেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের জন্য আবেদন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









