বরিশাল নৌবন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৫০ মেট্রিক টন ধারণক্ষমতার ভারী উদ্ধারকারী জাহাজ ‘নির্ভিক’র বিশাল আকৃতির ক্রেন বা বুম ভেঙে পড়ার বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়া অংশটি পাশে নোঙর করে রাখা অন্য দুটি জাহাজের ওপর পড়ায় সেগুলো বর্তমানে অর্ধডুবন্ত অবস্থায় রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে বরিশাল নৌবন্দরের দক্ষিণ প্রান্তে মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাব জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে। আকস্মিক এ দুর্ঘটনায় জাহাজের অপারেটর আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জাহাজের ডুবুরি মো. মিন্টু জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সুবিধার্থে বুমটি উঁচুতে তোলার চেষ্টা করা হচ্ছিল। এ সময় হঠাৎ ইঞ্জিন অকার্যকর হয়ে পড়ায় মাত্র ৫ সেকেন্ডের মধ্যে বিকট শব্দে ভারী বুমটি নিচের দিকে ভেঙে পড়ে এবং পাশেই নোঙর করে রাখা বিআইডব্লিউটিএর অপর দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে ওই দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে অর্ধডুবন্ত দশায় রয়েছে। প্রায় সমওজনের সামনের অংশটি ভেঙে যাওয়ায় মূল ‘নির্ভিক’ জাহাজটিও সম্পূর্ণ ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
জাহাজের মাস্টার মো. আলমগীর হোসেন জানান, জাহাজটি সচল রাখতে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে প্রতি সপ্তাহে বুম পরিষ্কার করা হয় এবং প্রতিদিন একবার পরীক্ষামূলক ইঞ্জিন চালু রাখা হয়। বরাবরের মতোই সকালে পরিষ্কারের সময় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই বিআইডব্লিউটিএর স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ‘নির্ভিক’ জাহাজের কমান্ডার ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকী জানান, সকালের দিকে আকস্মিক এ বিপর্যয়ের পর পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। নদীতে পড়ে যাওয়া ভারী বুমটি উদ্ধারের জন্য রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। সেটি ঘটনাস্থলে পৌঁছানোর পর যৌথভাবে উদ্ধার ও অপসারণ কার্যক্রম শুরু হবে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। বরিশালের জেলা প্রশাসক খন্দকার মামুন জানান, এ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দুর্ঘটনার নেপথ্যের কারণ এবং আর্থিক ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









