সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় দিরাই পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই পৌরসভার প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। এর বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়া উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। এতে উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ৭ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা।
প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো নির্মাণ খাতে ১১ কোটি ১৮ লাখ টাকা।
সব মিলিয়ে দিরাই পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেট অধিবেশনে সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, দিরাই উপজেলা ও পৌর বি এন পির নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









