নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোমল পানীয়তে চেতনানাশক দ্রব্য মিশিয়ে এক অটোরিকশা চালককে অচেতন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুই নারীসহ চারজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড থেকে জান্নাত ও নুপুর আক্তারসহ চারজন যাত্রী ৩০০ ফিট এলাকায় যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া নেন। পরে তারা চালক উজ্জলকে উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় যেতে বলেন। পথিমধ্যে কোমল পানীয় কিনে চালককে পান করালে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর পশ্চিমগাঁও বাজার এলাকায় অটোরিকশা নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালানোর চেষ্টা করা হয়।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে জান্নাত ও নুপুর আক্তারকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে হেফাজতে নেয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করে।
অটোরিকশার মালিক আওলাদ হোসেন বাদী হয়ে আটক দুই নারীসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘‘নারী ও পুরুষ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি ছিনতাই চক্র নিজেদের একই পরিবারের সদস্য পরিচয় দিয়ে কৌশলে অটোরিকশা ভাড়া নেয়। পরে চালককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় দুই নারীকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।’’
চালকদের অপরিচিত যাত্রীর দেওয়া খাবার বা কোমল পানীয় গ্রহণ না করার আহ্বান জানিয়ে এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









