ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।
এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে আসে। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরিশা জান্নাতকে তার মা সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিলেন। আটরশি এলাকায় হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি আটকিয়ে টাকা তুলছিলেন এক ব্যক্তি। হাতির সামনে আসা মাত্রই এর ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা শিশুটি অটোরিকশার নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









