চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘‘ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের এই সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে।’’
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, “বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুরুতেই আমরা জেলা পরিষদে বসে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক করেছি। বন্যায় কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাওয়ার পরই শুরু হবে প্রকৃত পুনর্বাসনের কাজ।”
তিনি আরও উল্লেখ করে বলেন, ‘‘বন্যায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। পাশাপাশি নষ্ট হয়েছে কৃষকের ফসল, মুরগি ও গরুর খামার, কৃষি খেত এবং পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদ। অনেকেই আজ সর্বস্বান্ত। এসব নিঃস্ব মানুষের পুনর্বাসনে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে বিশেষ দায়িত্ব নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী ও সরকারের মন্ত্রীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘দুর্গত মানুষের পাশে থেকে সবাই সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছেন। জনগণের পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও সহায়তা কার্যক্রম চলমান থাকবে।’’
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









