আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে দেড় বছর আগে দাফন করা ইমন হোসেনের (৪০) মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার তদন্তকারী দলের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জানুয়ারিতে চিকিৎসাধীন অবস্থায় ইমন হোসেনের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বাড়িতে খাবার খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কলেরা হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু মনে করে তাকে পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছিল।
তবে মৃত্যুকে সন্দেহজনক দাবি করে নিহতের বাবা মজিবুর রহমান ঢাকার কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পিবিআইয়ের আবেদনের পর আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিবিআই জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









