কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে জেলার সুবিধা বঞ্চিত, গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোট ৯৪ জন প্রান্তিক ও অসহায় ব্যক্তির হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সুবিধাবঞ্চিতদের হাতে সহায়তা অর্থের চেক হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।
কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও আয়োজনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী সহ জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন বলেন, জেলা পরিষদ সব সময় এলাকার সাধারণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। রাজস্ব তহবিলের এই সহায়তা দরিদ্র পরিবারগুলোর আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও সার্বিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জেলার প্রতিটি উপজেলায় প্রকৃত অসহায় ব্যক্তিদের মাঝে পর্যায়ক্রমে এ ধরনের সামাজিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









