কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্ট সিগন্যাল অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ আটক করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. সোহেল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুল এলাকায় রামু-মরিচ্যা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কের পাকা রাস্তা থেকে মিনি পিকআপটি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ সময় গাড়িচালক মো. সোহেলকে আটক করা হয়। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে। আটকের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









