ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর শহরের কিষান কোল্ড স্টোরেজে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি তমিজ উদ্দিন বলেন, ‘‘শনিবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল শেষে বালিথা এলাকায় বক্তব্য দেওয়ার সময় রোমার সমর্থিত লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়।’’
তিনি বলেন, “রোমা আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে তিনি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলেছেন এবং সাবেক এমপি বেনজীর আহমদের সঙ্গে মিছিল-মিটিং করেছেন। নির্বাচনে নৌকার পক্ষে ভোটও চেয়েছেন।”
তমিজ উদ্দিন আরও বলেন, “কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। রোমার মতো অপরাধীরা যেন কোথাও ঠাঁই না পায়। সে একজন সন্ত্রাসী, সন্ত্রাসীদের গডফাদার। বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।”
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শনিবারের ঘটনার সময় রমিজুর রহমান চৌধুরী রোমা তাকে মারামারির চ্যালেঞ্জ দিয়ে সূতিপাড়ায় আসতে বলেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এরই মধ্যে রোমার বিরুদ্ধে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, পৌর ছাত্রদল ও ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন। উপজেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









