পটুয়াখালীর বাউফল পৌরসভার পাবলিক মাঠ ও উপজেলা পরিষদের সামনের এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারীসহ আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাউফল থানার অদূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মিনিটের ব্যবধানে পরপর চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হঠাৎ বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শী আবু সায়েম জানান, তিনি একটি দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তিনি দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন। পরে ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হন।
স্থানীয়দের ধারণা, শহরে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









