পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত দৈনিক ইছামতি, সাপ্তাহিক পাবনা বার্তা, তার জামাতা প্রতিষ্ঠিত দৈনিক সিনসা এবং পাবনা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে বর্ষীয়ান এ সাংবাদিকের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।
১৯৩১ সালের ২৩ ডিসেম্বর পাবনার বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামে জন্ম নেওয়া শফিউর রহমান খান সাংবাদিকতাকে আজীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। ১৯৭৪ সালে পাবনা পত্রিকা ও সাপ্তাহিক আমাদের কথা-এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর ১৯৮০ সালে সাপ্তাহিক পাবনা বার্তা এবং ১৯৯১ সালে জেলার প্রথম দৈনিক দৈনিক ইছামতি প্রকাশ করে স্থানীয় সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা করেন।
শফিউর রহমান খানের সাংবাদিকতা ছিল তথ্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থকেন্দ্রিক। সত্য প্রকাশে নির্ভীক অবস্থান, পেশাগত সততা ও নৈতিকতার কারণে তিনি পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি যমুনা সাহিত্য পুরস্কার (১৯৮৪), ভাস্কর উপাধি (১৯৯২) এবং উত্তরণ পুরস্কার (১৯৯৪) লাভ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং পাবনা প্রেসক্লাবের সক্রিয় সদস্য ছিলেন।
মৃত্যুর দুই যুগেরও বেশি সময় পরও শফিউর রহমান খানের সততা, আদর্শ ও পেশাদারিত্ব পাবনার সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। স্থানীয় সাংবাদিকতায় তার অবদান ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









