চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশে অভিযানে তিন ডাকাত গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাসেল (২৭), ছোট জামবাড়িয়া, থানা-ভোলাহাট, মো. রুবেল (২২), দারিগাছা, মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭), পলাশবাড়ী আড়গাড়াহাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসাবে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজার নামক এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের একটি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা ও অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









