নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে প্রিন্স মাহমুদ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, “মির্জা ফখরুল কী যোগ্যতা রাখেন বা না রাখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো একটা ‘লম্বকর্ণ চতুষ্পদ বিশেষের’ কাছ থেকে শুনতে হবে না। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণে প্রায়শ বিভ্রান্ত হয়ে আজেবাজে বকা, অস্বাভাবিক আচরণ করা এই ছেলের অভ্যাসে পরিণত হয়েছে, প্রতিটি বক্তব্যই শুরু হয় ব্যক্তি আক্রমণ দিয়ে। ভুলে যায়, রাজনীতিতে শিষ্টাচার থাকা কতটা জরুরি।”
নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রিন্স মাহমুদ। তার ভাষায়—“কেউই অহংকারী আর বেয়াদব পছন্দ করে না। সত্যিকার অর্থে, না চাইতেই প্রচুর প্রাপ্তিযোগ এই ছেলের মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। নিজেকে সামলাতে পারছে না। শারীরিক অবস্থা জরুরি চিকিৎসাকেন্দ্রিক অবস্থায় আছে। চিকিৎসা দরকার।”
কয়েক দিন আগে এক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “রাষ্ট্রপতি কেন, মির্জা ফখরুল বাংলাদেশের মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ারও যোগ্যতা রাখেন না!” এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার ‘বোধবুদ্ধি’ যেমন প্রশ্নের মুখে পড়েছে, তেমনই নেটিজেনরাও তাকে আক্রমণ করে মন্তব্য করছেন।
এর আগে কিশোরগঞ্জের এক জনসভায় স্থানীয় প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কটাক্ষ করে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ নিয়েও সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়েন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ বলে মন্তব্য করেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









