জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সিলেট সীমান্ত দিয়ে রাতে মাদকের চালান ঢোকে; স্থানীয় এমপিরা এ বিষয়ে কোনো কথা বলেন না। তার দাবি, মাদকের টাকার ভাগ পাওয়ার কারণেই তারা নীরব থাকেন।
তিনি বলেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই এ বিষয়ে এনসিপি কথা বলে যাবে। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতারও সমালোচনা করেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের যে কোনো স্থানে পা রাখা মাত্রই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হবে।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকেই রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘‘ওইখানে বসে বসে রাজনীতি করে ধমক দেয় আমি কিন্তু আসবো। আসেন না, কই আসবেন’’
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘‘শেখ হাসিনা কোম্পানীগঞ্জে এলে জনগণ কী করবে, বাংলাদেশের একটি ইঞ্চি মাটিতে শেখ হাসিনা যখনই নামবে, তখনই ফাঁসির আদেশ বাস্তবায়ন করা হবে।’’
বক্তব্যে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের প্রসঙ্গ তুলে বলেন, ‘‘আন্দোলনে গুলিতে আবু সাঈদ, মুগ্ধসহ ৪০০ জন নিহত হয়েছেন, যার দায় তৎকালীন সরকারের।”
তিনি বলেন, ‘‘দুই বছরের মাথায় অনেকেই আবু সাঈদকে ভুলে যেতে পারেন। তার রক্ত ভুলে যেতে পারেন। কিন্তু আমরা যতদিন বাংলাদেশে জীবিত আছি, ততদিন তাকে ভুলব না।”
তিনি আরও বলেন, ‘‘দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট রয়েছে। কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের হাতে যাচ্ছে।”
অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে পাটওয়ারী বলেন, ‘‘দেশে স্থবিরতা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশামতো চালু না হওয়া এবং চীন সফর থেকে কাঙ্ক্ষিত চুক্তি না আসাও সরকারের ব্যর্থতা।”
তিনি বলেন, ‘‘নির্বাচনের আগে তাদের দলের তিনটি প্রধান দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা। প্রায় ৭০ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাই সংস্কারবিরোধী অবস্থান নিলে বিএনপি জনসমর্থন হারাবে।”
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









