মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) ও বালু উত্তোলনের ৫টি মেশিন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশ সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে আলিসার কুল এলাকায় অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, ১টি ভ্যাকু-এক্সক্যাভেটর মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত চক্রের সদস্যরা দ্রুত সটকে পড়ায় কাউকে ঘটনাস্থলে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে কোনো অভিযুক্ত না পাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে উত্তোলিত বালু, এক্সক্যাভেটর ও মাটি কাটার মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে উক্ত এলাকায় কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জনস্বার্থে স্থানীয় জনতার সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।
জব্দকৃত বালু ও যন্ত্রাংশ পরবর্তীতে বিধি মোতাবেক প্রকাশ্য নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









