গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধের দাবিতে পাবনা শহরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পাবনা সদর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে শহরের চাপা মসজিদ এলাকা থেকে গণমিছিলটি বের করা হয়।
মিছিলটি বড় বাজার, আওরঙ্গজেব রোড ও ইন্দিয়া মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ এবং সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জাকারিয়া খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকার ছিল, তা থেকে সরে আসা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে নেতারা দাবি করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তাই জনস্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









