পাবনায় চাঁদাবাজি, সরকারি টেন্ডারে হস্তক্ষেপ, অবৈধ দখল এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।
রবিবার (২ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে কয়েক শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে পাবনা জুলাই ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য দেন এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাস, জাতীয় নাগরিক কমিটির পাবনা জেলা যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লিওন, পাবনা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ করিম তন্ময় এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ইমামুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, খালেদ হোসেন পরাগ বিভিন্ন ব্যবসায়ী ও ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছেন। এছাড়া সরকারি হাসপাতাল, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপ, সরকারি জায়গা দখল এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকির মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন তারা।
তাদের দাবি, এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের কাছেও বিভিন্ন তথ্য রয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে জনমনে আস্থা আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









