তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম।
রবিবার (২ আগস্ট) বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনার নেতৃত্ব দেবে। জীবনের অনেক বিষয়েরই ভালো-মন্দ দুই দিক রয়েছে। কিন্তু মাদকের কোনো সুফল নেই; এর রয়েছে শুধু ধ্বংস আর বিপর্যয়। তাই একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়তে কিশোর-তরুণদের খেলাধুলার প্রতি আরো বেশি আগ্রহী করে তুলতে হবে।
তিনি আরো বলেন, সফল ও সুশৃঙ্খল টুর্নামেন্ট আয়োজনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাঠ ব্যবস্থাপনা, দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলগুলোর ব্যবস্থাপনা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দর্শক নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সরকারি শেরেবাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিচুর রহমান, সরকারি ডব্লিউ.বি. ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









