প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষ্যে পাবনার সুজানগরের গাজনার বিলে সাড়ে চার মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন, ‘‘দেশীয় মাছ আমাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক জলাশয় রক্ষা করতে হবে এবং নির্বিচারে মাছ আহরণ বন্ধ করতে হবে। সরকার মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় মাছের প্রজনন মৌসুমে আইন মেনে চলার পাশাপাশি জলাশয় সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।’’
বিশেষ অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান বলেন, ‘‘গাজনার বিলের মতো প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জনগণ, মৎস্যজীবী ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাশয় দখল ও দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে।’’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, প্রাকৃতিক জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, জীববৈচিত্র্য সংরক্ষিত হবে এবং মৎস্যজীবীদের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠান শেষে গাজনার বিলে সাড়ে চার মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









