কক্সবাজারের রামুতে টমটমের চালকের আসনে বসা অবস্থায় আবু বক্কর ছিদ্দিক (৫২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের আসনে বসা অবস্থায় হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার একটি গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ছিদ্দিক রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামের মৃত মোক্তার আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারিয়ানালা এলাকার গ্যাস পাম্পের সামনে মহাসড়কের পাশে টমটমটি দাঁড় করানো ছিল। দীর্ঘক্ষণ ধরে চালককে টমটমের সিটে অবচেতন অবস্থায় বসে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে চালককে উদ্ধার করে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের আসনে বসা অবস্থায় যেকোনো সময় স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









