সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ আপাতত সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশ করার পরপরই হঠাৎ এর একটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে এই দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গ ও ঢাকামুখী রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়ে আছে। এ ছাড়া বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার ও রেললাইন সচল করার বিষয়ে শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পাবনার ঈশ্বরদী থেকে ইতোমধ্যেই একটি স্পেশাল উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) আহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর দ্রুততার সঙ্গে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ হলেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









