যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সঠিক ইতিহাসচর্চার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, “জাতীয় ইতিহাস ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাসেত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, জুলাই আন্দোলনের উপজেলা মুখপাত্র আবির রাজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









